সুন্দরবন সংলগ্ন ১৮ রিসোর্ট পরিদর্শনে পরিবেশ প্রতিমন্ত্রী, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের প্রাণ-প্রকৃতির ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে বনাঞ্চল সংলগ্ন ১৮টি রিসোর্ট পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম। বুধবার ঢাংমারী স্টেশন এলাকার এসব রিসোর্ট ঘুরে দেখে তিনি জানান, বনের নিরাপত্তা বিঘ্নিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তর ও বনবিভাগের উর্ধ্বোতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী সকাল থেকে দুপুর পর্যন্ত সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশনের বনাঞ্চল ঘেঁষে গড়ে ওঠা রিসোর্টগুলো পর্যবেক্ষণ করেন। সম্প্রতি বনবিভাগের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) অবৈধভাবে রিসোর্ট নির্মাণ ও প্রাণ-প্রকৃতির ক্ষতির বিষয়টি গণমাধ্যমে উঠে আসায় এই বিশেষ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, বনের মধ্যে শব্দদূষণ, অবৈধ হরিণ শিকার বা পরিবেশবিরোধী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। রিসোর্টগুলোতে জেনারেটর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করে সোলার এনার্জি চালুর তাগিদ দেন তিনি। পরিদর্শনের সময় তাৎক্ষণিকভাবে বড় কোনো ক্ষতির প্রমাণ না মিললেও মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সুন্দরবনের ইসিএভুক্ত এলাকায় নিয়মবহির্ভূতভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগে গত ৪ অক্টোবর পরিবেশ অধিদপ্তর থেকে বনাঞ্চল ঘেঁষে গড়ে ওঠা ১৮টি রিসোর্ট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই নির্দেশনার ধারাবাহিকতায় প্রতিমন্ত্রীর এই সরজমিন পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১৩০ বার পড়া হয়েছে