ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ডিবি
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে রাজধানীর মহাখালীর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের কার্যালয় থেকে তাঁকে আটক করা হয়।
আন্দোলনে ইন্ধন দেওয়ার অভিযোগে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট কী অভিযোগ রয়েছে, তা এখনো স্পষ্ট করেনি পুলিশ।
ডিবির অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুপুরে ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তবে কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, কিংবা কোনো নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হবে কি না—এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ডিবির এই কর্মকর্তা।
এর আগে গত ১৫ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ওই দিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁর জেদ্দা যাওয়ার কথা ছিল।
১৪১ বার পড়া হয়েছে