জয়পুরহাটে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
'দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণপ্রাপ্ত উদ্যোক্তাদের মাঝে যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা যুব ভবনের হলরুমে এই আয়োজনের সূচনা ঘটে। যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোকছুদুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বক্তারা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুবসমাজের অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ চারজন সফল যুব উদ্যোক্তার মধ্যে সাড়ে চার লাখ টাকার যুব ঋণের চেক হস্তান্তর। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা প্রশিক্ষণপ্রাপ্ত এসব উদ্যোক্তাদের হাতে ঋণের চেক তুলে দেন। কর্মসূচির শেষ অংশে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
১১০ বার পড়া হয়েছে