শিবালয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি হেলাল গ্রেপ্তার
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয়ে অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকের চালান কক্সবাজার থেকে আনা হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের নিকটবর্তী বিআইডব্লিউটিএর টোলঘরের দক্ষিণ পাশে ধুতরাবাড়ি এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে শিবালয় থানা-পুলিশ।
অভিযানকালে সন্দেহভাজন হিসেবে হেলাল উদ্দিনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২০টি নীল রঙের বিশেষ পলিব্যাগে লুকানো অবস্থায় মোট চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ধৃত হেলাল উদ্দিন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁদিয়াখালী ইউনিয়নের সাইরাখালী গ্রামের মো. সৈয়দ বাদশার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মাদক চালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই সফল অভিযানে বিপুল মাদকসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিচারিক আদালতে পাঠানো হয়েছে।
১১১ বার পড়া হয়েছে