মুন্সীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে র্যালি, আলোচনা সভা এবং সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুবঋণ ও পুরস্কার বিতরণ করা হয়।
রোববার সকাল দশটায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. নূর হোসেন নির্ঝর, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের প্রধান চালিকাশক্তি যুবসমাজ। তরুণদের আত্মনির্ভরশীল করতে জেলাটিতে ফ্রিল্যান্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিভিত্তিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যা তাদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে তুলবে।
মুন্সীগঞ্জ প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় নিরাপদ অভিবাসনের ওপর জোর দেন জেলা প্রশাসক। অদক্ষ অবস্থায় কিংবা দালালের প্রলোভনে পড়ে বিদেশ না গিয়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সঠিক প্রশিক্ষণ ও ভাষা শিক্ষার পর বৈধ উপায়ে গমনের জন্য তিনি তরুণদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সফল যুব উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের মাঝে যুবঋণ এবং বিশেষ অবদানের জন্য পুরস্কার তুলে দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় যুব দিবস উপলক্ষে গৃহীত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণসহ দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।
১৭৫ বার পড়া হয়েছে