নেত্রকোনার ৫ কলেজে পাসের হার শূন্য, তদন্তের আশ্বাস জেলা প্রশাসনের
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষার ফলাফলে নেত্রকোনার পাঁচটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পাবলিক পরীক্ষায় শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো নিয়ে জেলা জুড়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে।
জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্যানুযায়ী, অকৃতকার্য হওয়া শতভাগ প্রতিষ্ঠানই নন-এমপিওভুক্ত। এর মধ্যে কেন্দুয়া উপজেলার গোপালপুর মডেল কলেজ থেকে ১ জন, কলমাকান্দা মহিলা কলেজ থেকে ৩ জন, পূর্বধলা উপজেলার খলিশাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখা থেকে ৪ জন, এম্বিশন মডেল কলেজ থেকে ৬ জন এবং জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ থেকে ১৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন।
এবারের এইচএসসি পরীক্ষায় নেত্রকোনা জেলার ১০টি উপজেলা থেকে সর্বমোট ১৩ হাজার ৯১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৮৭৩ জন এবং জিপিএ-৫ অর্জন করেছেন ৭০ জন শিক্ষার্থী। পুরো জেলায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৪৩.৯১ শতাংশ।
বিষয়টি নিয়ে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা জানান, শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের নিয়ে দ্রুত বৈঠকে বসা হবে। কী কারণে শিক্ষার্থীরা পাস করতে পারল না, তা গভীরভাবে খতিয়ে দেখে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে। ইতোমধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।
১১১ বার পড়া হয়েছে