চাঁপাইনবাবগঞ্জে আলিমে বিপর্যয়: ২৭ মাদ্রাসার মধ্যে ২৬টিতেই নেই জিপিএ-৫
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে আলিম পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় দেখা দিয়েছে। জেলার ২৭টি মাদ্রাসার মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানের ২ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন, বাকি ২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই তা পাননি।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটি হেফজুল উলুম ফায়েজা খানম কামিল মাদ্রাসা থেকে বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থী এই ফল অর্জন করেছেন। প্রতিষ্ঠানটি থেকে সর্বমোট ২২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
জেলাজুড়ে অন্যান্য বড় প্রতিষ্ঠানগুলোর ফলাফলেও নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে। চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসায় পাসের হার ৭৩ দশমিক ৬৮ শতাংশ, কানসাট সাইফুদ্দীন মেমোরিয়াল ফাজিল মাদ্রাসায় ৭২ শতাংশ এবং শিবগঞ্জ কামিল মাদ্রাসায় ৫৭ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
সবচেয়ে খারাপ পরিস্থিতি সদর উপজেলার ঝলঝলিয়া ইসলামী সমাজকল্যাণ আলিম মাদ্রাসায়। সেখানে ১০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১ জন উত্তীর্ণ হয়েছেন, যা পাসের হারে মাত্র ১০ শতাংশ। এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশেরও নিচে।
ফলাফলের এই ঘাটতি নিয়ে জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি শাখার পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত বছরগুলোর পারফরম্যান্স বিবেচনা করে ঘাটতিগুলো চিহ্নিত করা হবে এবং ভবিষ্যতে কাঙ্ক্ষিত ফল অর্জনে উদ্যোগ নেওয়া হবে।
১১৪ বার পড়া হয়েছে