জয়পুরহাটে শীর্ষে গার্লস ক্যাডেট কলেজ, সরকারি কলেজে ধস
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:৩০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষায় জয়পুরহাট জেলায় নিজেদের শীর্ষ অবস্থান বজায় রেখেছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। শতভাগ পাসের পাশাপাশি প্রতিষ্ঠানটির ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তবে জেলার শীর্ষ দুই সরকারি কলেজের হতাশাজনক ফলাফলে ক্ষোভ ও দুশ্চিন্তা প্রকাশ করেছেন অভিভাবকেরা।
চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে মোট ৫২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৪৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে, যা জেলায় সেরা ফলাফল হিসেবে বিবেচিত হচ্ছে। ক্যাডেট কলেজের এমন সাফল্যে অধ্যক্ষ মো. ইয়াছিন আলী জানান, শিক্ষক ও প্রশাসনের সঠিক তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের কারণেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।
অন্যদিকে জেলার ঐতিহ্যবাহী সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবার ব্যাপক বিপর্যয় ঘটেছে। জয়পুরহাট সরকারি কলেজ থেকে ১ হাজার ১৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৫৪ জন। এখানে পাসের হার ৭৩ দশমিক ৭৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৬৩ জন।
একইভাবে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের ফলাফলও হতাশাজনক। প্রতিষ্ঠানটি থেকে ৭৩১ জন অংশ নিয়ে পাস করেছে মাত্র ৪৪৭ জন, যার পাসের হার ৬১ দশমিক ১৫ শতাংশ। এই কলেজ থেকে মাত্র ১২ জন জিপিএ-৫ পেতে সক্ষম হয়েছে। সেরা এই সরকারি কলেজ দুটির অনাকাঙ্ক্ষিত ফলাফলে অভিভাবক ও সচেতন মহল চরম হতাশা প্রকাশ করেছেন।
১১২ বার পড়া হয়েছে