সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠবে মানবিক বাংলাদেশ: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি উল্লেখ করেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে স্তন ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য।
শনিবার বিকেলে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালের কনফারেন্স হলে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের মাসব্যাপী কর্মসূচির সমাপনী ও বৈজ্ঞানিক অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সচেতনতা ও সময়মতো চিকিৎসার মাধ্যমে স্তন ক্যান্সারের ঝুঁকি পুরোপুরি দূর করা সম্ভব।
তিনি উল্লেখ করেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এই রোগের আধুনিক চিকিৎসা সেবা বিদ্যমান। প্রয়োজন শুধু নিয়মিত শারীরিক পরীক্ষা এবং সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি, সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
মাসব্যাপী এই কর্মসূচির যৌথ আয়োজক ছিল খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল। অক্টোবর মাসজুড়ে ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় শোভাযাত্রা, পথসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণের মাধ্যমে নারীদের সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধ করা হয়।
১১০ বার পড়া হয়েছে