শেরপুরে পাসের হার ৪৫.৬৫, শূন্য পাসের তালিকায় ২ কলেজ
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শেরপুর জেলায় পাসের হার নেমে এসেছে ৪৫ দশমিক ৬৫ শতাংশে। এবার জেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ পাস করা কোনো কলেজ নেই পুরো জেলায়।
শেরপুর জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর মোট ৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী এইচএসসির ফরম পূরণ করে। পরীক্ষায় ৮ হাজার ৩ জন অংশ নিয়ে ৩ হাজার ৬৫৩ জন উত্তীর্ণ হতে পেরেছে। বিগত দুই বছরের তুলনায় এবার জেলায় সামগ্রিক পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।
শূন্য পাসের তালিকায় থাকা ঝিনাইগাতীর আলহাজ্ব এস.এম.এ. ওয়ারেজ নাইম মডেল কলেজ থেকে এ বছর মাত্র ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়। অন্যদিকে শেরপুর সদর উপজেলার মন্মথ দে মহাবিদ্যালয় থেকে অংশ নেওয়া ৭ জন শিক্ষার্থীর কেউই পাসের মুখ দেখেনি।
ফলাফলের বিষয়ে মন্মথ দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জানান, দূরবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় তাঁদের প্রতিষ্ঠানে ভালো মানের শিক্ষার্থী ভর্তি হতে চায় না এবং শিক্ষার্থীরা নিয়মিত কলেজমুখী নয়। তবে শিক্ষা কর্মকর্তা রেজুয়ান জানান, প্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পাঠদান না করিয়ে কেবল নামকাওয়াস্তে কার্যক্রম চালোনো হচ্ছে।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, বোর্ডটিতে এবার মোট ১৭টি প্রতিষ্ঠানে শূন্য পাসের হার দেখা গেছে, যার মধ্যে শেরপুরের এই দুই কলেজ রয়েছে।
১১৪ বার পড়া হয়েছে