জীবন গেলেও জাতির সঙ্গে বেইমানি করব না: খুলনায় ডা. শফিকুর রহমান
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
৭ দফা দাবি আদায় ও গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান স্পষ্ট বার্তা দিয়ে জানান, জীবনের বিনিময়েও তারা জাতির সঙ্গে বেইমানি করবেন না।
শনিবার বিকেলে খুলনার শিববাড়ি মোড়ে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের পথসভায় বিরোধীদের আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দেওয়া হয়। পথসভায় জামায়াতের আমীর বলেন, এটি তাদের তৃতীয় লংমার্চ যা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে খুলনা হয়ে কুষ্টিয়ায় শেষ হচ্ছে।
ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে থাকা ৭০ শতাংশ মানুষের রায় সংসদে বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের অতিরিক্ত বিল আদায় এবং সারের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষের ওপর চরম আর্থিক চাপ সৃষ্টি করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি জুলাই গণ-অভ্যুত্থানসহ গত সাড়ে ১৫ বছরের সব হত্যাকাণ্ডের বিচার, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধের দাবি জানান। তিনি স্পষ্ট করেন, তাঁদের এই লড়াই কোনো দলের বিজয়ের জন্য নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের স্থায়ী মুক্তির লক্ষ্যে।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক বলেন, দাবি আদায়ে প্রয়োজন হলে রাজপথে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। পথসভায় ১১ দলীয় ঐক্যের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
১০৮ বার পড়া হয়েছে