১৬ বছর পর চালু হচ্ছে জয়পুরহাটের জামালগঞ্জ রেলস্টেশন: প্রতিমন্ত্রী
রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ১২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হতে যাচ্ছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামালগঞ্জ রেলস্টেশন। খুব শিগগিরই স্টেশনটির কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। শনিবার আক্কেলপুরের জামালগঞ্জ বাজারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জানান, স্টেশনটি চালুর বিষয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা হয়েছে। প্ল্যাটফর্ম উঁচু করা এবং জরাজীর্ণ রেল স্লিপার মেরামতের উদ্যোগ দ্রুত নেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে রাজশাহী ও খুলনাগামী ট্রেনগুলোর যাত্রাবিরতির ব্যবস্থা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। তবে আন্তঃনগর ট্রেনের গতি ও সময়সূচি বজায় রাখতে ঢাকাগামী ট্রেনগুলোর অবিলম্বে বিরতি দেওয়া সম্ভব নাও হতে পারে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল ও সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার রানা। সভাটি পরিচালনা করেন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলম হিটো।
স্থানীয় বাসিন্দাদের মতে, দীর্ঘ দেড় দশক ধরে স্টেশনটি বন্ধ থাকায় এই অঞ্চলের যাতায়াত ব্যবস্থা ও পণ্য পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। জামালগঞ্জ স্টেশন পুনরায় চালু হলে এলাকার ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে।
১১২ বার পড়া হয়েছে