নাটোরে বর্ণাঢ্য আয়োজনে আঞ্চলিক কাব ক্যাম্পুরী উদ্বোধন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ ৯:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
নাটোরে ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ প্রতিপাদ্য নিয়ে অত্যন্ত জমকালো আয়োজনে শুরু হয়েছে স্কাউটসের ৬ দিনব্যাপী ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী। শনিবার ঐতিহ্যবাহী রানী ভবানী রাজবাড়ি চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নাটোরকে বসবাসের উপযোগী ও শান্তির শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান অতিথি ও সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা দেশের যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠছে। নিজেদের সুন্দর করা এবং পরিবেশকে সুন্দর রাখতে স্কাউটের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই কাব স্কাউটের সদস্যরাই দেশের মূল নেতৃত্বে আসীন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিশ্বজুড়ে স্কাউটদের অবদানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমানে অস্থির পৃথিবীতে সারা বিশ্বের প্রায় ছয় কোটি স্কাউট সদস্য মানবসেবায় নিয়োজিত রয়েছে। তাদের এই অসামান্য অবদান ভবিষ্যতে ব্যাপকভাবে মূল্যায়িত হবে। রানী ভবানীর রাজবাড়ী ও উত্তরা গণভবনসহ নাটোর শহরকে একটি সুন্দর, নতুন ও শান্তির শহর হিসেবে গড়ে তোলার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এবং রাজশাহী আঞ্চলিক স্কাউটসের পরিচালক মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি আলোচনা সভা শেষে কাব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগের ৮টি জেলা ও একটি মেট্রোপলিটন এলাকা থেকে ২৬০টি ইউনিটের মোট ২ হাজার ২০০ জন কাব স্কাউট ও স্বেচ্ছাসেবক এতে অংশ নিচ্ছেন। শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা ও আত্মনির্ভরশীলতা বিকাশে ১২টি উচ্ছ্বাস ও ৫টি উৎসবের সমন্বয়ে আয়োজিত এই ক্যাম্পুরী আগামী ৪ নভেম্বর শেষ হবে।
১৩১ বার পড়া হয়েছে