২৪ ঘণ্টায় কমেছে হামে মৃত্যুর সংখ্যা, ডেঙ্গুতে মৃত্যু ৯
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। অন্যদিকে, হাম ও এর উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১২ জন। বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য থেকে এসব বিষয় জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৪০৯ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ২০৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে ডেঙ্গু রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। এ সময়ে এ বিভাগে ৮১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ছয়জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে একজনের। খুলনা বিভাগে ২১৪ জন ভর্তি হয়েছেন এবং মারা গেছেন একজন। রাজশাহী বিভাগে ২১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এ বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।
অন্য বিভাগগুলোর মধ্যে বরিশালে ১৯৪ জন, রংপুরে ১১৬ জন, ময়মনসিংহে ৮৪ জন এবং সিলেটে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ঢাকা শহরসহ এ সংখ্যা ১৯২ জন। এ ছাড়া খুলনায় ৭৭ জন, চট্টগ্রামে ৪০ জন, ময়মনসিংহে ৩৩ জন, বরিশালে ২৯ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে সাতজন এবং সিলেটে তিনজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪১২ জন। তাঁদের মধ্যে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৩২২ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত রোগী ৯০ জন।
গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১৯ জন। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ২৫ হাজার ১০৬ জনে পৌঁছেছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬৩১ জনে।
মৃত্যুর হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
১৫৩ বার পড়া হয়েছে