প্রধানমন্ত্রীর ফেরার ফ্লাইটের স্পয়লারে ত্রুটি, উড্ডয়ন স্থগিত
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬ ১২:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পুশব্যাকের পর রানওয়ের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটি ধরা পড়ে। এ কারণে উড্ডয়ন স্থগিত করা হয়। এতে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের অপেক্ষা করতে হচ্ছে।
চার দিনের জাপান সফর শেষে দেশে ফেরার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য গুরুত্বপূর্ণ যাত্রীদের বহনকারী বিজি-৩৭৭ ফ্লাইটটির স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উড্ডয়নের কথা ছিল। যাত্রীদের ওঠানো শেষে উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করা হয়। এরপর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়।
এ অবস্থায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত স্থগিত করেন। পরে বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীদের যাত্রার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা। সংশ্লিষ্ট প্রকৌশল শাখার তথ্য অনুযায়ী, ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি দল ত্রুটি নিরসনে কাজ করছে।
প্রকৌশলীদের প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, ত্রুটি মেরামত করে উড়োজাহাজটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করতে দুই থেকে তিন ঘণ্টা সময় লাগতে পারে। তবে মেরামতকাজ শেষ হওয়া এবং প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা সম্পন্ন হওয়ার ওপরই পরবর্তী যাত্রার সময় নির্ভর করছে।
উড়োজাহাজের ডানায় থাকা স্পয়লার অবতরণের সময় উড্ডয়নক্ষমতা কমিয়ে গতি নিয়ন্ত্রণে সহায়তা করে। উড়োজাহাজের পরিচালনার বিভিন্ন পর্যায়েও এর ভূমিকা রয়েছে। ফলে স্পয়লারে ত্রুটি দেখা দিলে নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা ও মেরামত সম্পন্ন করা জরুরি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ত্রুটি মেরামতে প্রকৌশলীরা কাজ করছেন।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে গত ২৬ অক্টোবর চার দিনের সফরে টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। এ ছাড়া জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
১১৬ বার পড়া হয়েছে