ইসরায়েলের পতাকা মাড়িয়ে আলোচনায় কলম্বিয়ান র্যাপার চেলো হোপ
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
মঞ্চে ইসরায়েলের পতাকা মাটিতে ফেলে পা দিয়ে মাড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছেন কলম্বিয়ার র্যাপার ও সংগীতশিল্পী চেলো হোপ, যিনি শিলো হোপ নামেও পরিচিত। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ ও ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে তাঁর এমন আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর কলম্বিয়ার রাজধানী বোগোটায় আয়োজিত একটি সংগীত উৎসবে।
ইসরায়েলের পতাকা মঞ্চে ফেলে পা দিয়ে মাড়ানোর ঘটনায় আলোচনায় এসেছেন কলম্বিয়ান র্যাপার ও সংগীতশিল্পী চেলো হোপ। ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশের অংশ হিসেবে তাঁর এই প্রতিবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে সংগীত পরিবেশন করছিলেন চেলো হোপ। এ সময় দর্শকদের মধ্য থেকে এক ব্যক্তি মঞ্চে উঠে তাঁর দিকে ইসরায়েলের পতাকা এগিয়ে দেন। এরপর সংগীতশিল্পী পতাকাটি ওই ব্যক্তির হাত থেকে নিয়ে মাটিতে ফেলে দেন এবং পা দিয়ে মাড়ান। পরে লাথি দিয়ে পতাকাটি সরিয়ে দেন তিনি।
জর্ডানের সংবাদমাধ্যম রয়্যা নিউজ ও ভারতের ফ্রি প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ অক্টোবর কলম্বিয়ার বোগোটার সিমন বলিভার মেট্রোপলিটন পার্কে আয়োজিত ‘হিপ হপ আল পারকে’ সংগীত উৎসবে এ ঘটনা ঘটে। উৎসবে পরিবেশনার একপর্যায়ে চেলো হোপ ‘অ্যানাতোমিয়া’ শিরোনামের একটি গান গাইছিলেন। গানটিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পরিবেশনার সময় তাঁকে ‘পালেস্তিনা লিব্রে’ স্লোগান দিতেও শোনা যায়। স্প্যানিশ ভাষার এই স্লোগানের অর্থ ‘মুক্ত হোক ফিলিস্তিন’।
চেলো হোপ রাজনৈতিক বক্তব্যধর্মী গান এবং বিভিন্ন গণআন্দোলনের সঙ্গে সম্পর্কিত সংগীত পরিবেশনের জন্য পরিচিত। ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে তাঁর এই প্রতিবাদ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই সংগীতশিল্পীটির পরিচয় জানতে আগ্রহ দেখান। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁকে কলম্বিয়ান র্যাপার চেলো হোপ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, ঘটনাটির নিন্দা জানিয়েছেন কলম্বিয়ায় নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্যবহারকারী চেলো হোপের প্রতিবাদকে ফিলিস্তিনের প্রতি সংহতির প্রকাশ হিসেবে দেখছেন। তবে ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দেখা গেছে।
১৩৩ বার পড়া হয়েছে