বগুড়ায় ভুয়া পুলিশ সেজে স্বর্ণ ছিনতাই, ৪ জন গ্রেপ্তার ও ৮৮ লাখ টাকা উদ্ধার
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়ার শিবগঞ্জে ভুয়া পুলিশ সেজে ১০২ ভরি স্বর্ণ ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছিনতাইকৃত স্বর্ণ বিক্রির নগদ ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়। সম্প্রতি পঞ্চগড়, দিনাজপুর ও জয়পুরহাটে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত ৫ অক্টোবর স্বর্ণ ব্যবসায়ী খায়রুল ইসলামের খালাতো ভাই বাপ্পি হোসেন বাসে চড়ে জয়পুরহাটে যাচ্ছিলেন। শিবগঞ্জের উথলি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাসটি থামায়। এরপর বাপ্পিকে মারধর করে তার সঙ্গে থাকা ১০২ ভরি ১২ আনা স্বর্ণ ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।
ঘটনার পর গত ২৭ অক্টোবর ভুক্তভোগীর পক্ষ থেকে শিবগঞ্জ থানায় একটি লিখিত মামলা দায়ের করা হয়। মামলার পরপরই তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে জড়িত চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় তারা।
জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে স্বর্ণ বিক্রির ৮৮ লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে ১০টি এবং রবিউলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা বিচারাধীন রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
১২৮ বার পড়া হয়েছে