পাবনায় বাসের ধাক্কায় এডওয়ার্ড কলেজের ছাত্র নিহত, আহত ১
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা-ঢাকা মহাসড়কের জালালপুরে বাসের ধাক্কায় রোমান (২৪) নামে সরকারি এডওয়ার্ড কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটা এই মর্মান্তিক দুর্ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হন। পুলিশ ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রোমান সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাকিমপুর গ্রামের শামসুর রহমানের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নিয়মিত শিক্ষার্থী ছিলেন। বুধবার দুপুরে তিনি জালালপুর এলাকা থেকে একটি রিকশায় চড়ে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে কাজিরহাট থেকে রাজশাহীগামী 'হিমেল পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে পেছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। এতে রোমান সড়কে ছিটকে পড়লে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এতে আহত রিকশাচালককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর চালক বাস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১১৬ বার পড়া হয়েছে