মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা আগামী শনিবার (৩১ অক্টোবর) থেকে শুরু হচ্ছে। সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারে এ পরীক্ষা করাতে হবে। নির্ধারিত তারিখের আগে করা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মালয়েশিয়ায় কর্মী হিসেবে যেতে আগ্রহী বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হবে। এ জন্য সরকার অনুমোদিত মেডিকেল সেন্টার নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে স্বাস্থ্য পরীক্ষা করালে সেই প্রতিবেদন ইমিগ্রেশন ছাড়পত্রের জন্য গ্রহণ বা প্রক্রিয়াকরণ করা হবে না।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের নিয়মিত ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসরণ করতে বলা হয়েছে। সরকারি নির্দেশনা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বিবেচনায় অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকায় পরিবর্তন আনা হতে পারে।
নির্দেশনা অনুযায়ী, ৩১ অক্টোবরের আগে কোনো কর্মীর স্বাস্থ্য পরীক্ষা করা যাবে না। এ সময়ের আগে সম্পন্ন করা পরীক্ষার প্রতিবেদন ইমিগ্রেশন ছাড়পত্রের জন্য গ্রহণ করা হবে না এবং এ-সংক্রান্ত প্রক্রিয়াও সম্পন্ন করা হবে না।
এদিকে, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার নামে কিছু দালাল ও অসাধু রিক্রুটিং এজেন্সি অনুমোদন ছাড়াই পাসপোর্ট ও টাকা সংগ্রহের চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় স্পষ্ট করেছে, সরকারি অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনুমোদিত কি না, তা নিশ্চিত না হয়ে কাউকে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিডিআর ভিসাসংক্রান্ত নথি জমা দিতে হবে।
সরকারি নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রয়োজনে মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী পাঠানোর কার্যক্রম স্থগিত এবং সংশ্লিষ্ট অনুমোদন বাতিল করা হতে পারে।
অনুমোদনহীন স্বাস্থ্য পরীক্ষা বা এ ধরনের কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়ের ইমেইল ঠিকানা secretary@probashi.gov.bd-এ জানানোর অনুরোধ করা হয়েছে।
প্রবাসী কর্মীদের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
১৩৩ বার পড়া হয়েছে