নড়াইলে উদযাপিত হলো বিশ্ব হাতধোয়া দিবস: সচেতনতামূলক র্যালি ও হাতধোয়ার বিশেষ প্রদর্শনী
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র্যালি, সঠিক নিয়মে হাতধোয়া প্রদর্শন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল জনসচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যসম্মত অভ্যাসের চর্চা বাড়ানো।
বুধবার সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে উপস্থিত সবার সামনে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রদর্শনী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তার। সভায় বক্তব্য দিতে গিয়ে বক্তারা সঠিক উপায়ে হাতধোয়ার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আহসান মাহমুদ রাসেল এবং জেলা শিক্ষা অফিসার মোঃ জামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী জি এম এহসানুল হক ও মোঃ সোহেল রানা।
বক্তারা জানান, সাবান দিয়ে সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ডায়রিয়ার মতো রোগ প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। এছাড়া এটি তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ প্রায় ২০ শতাংশ কমিয়ে দেয়। তাই সংক্রামক ব্যাধি থেকে বাঁচতে নিয়মিত হাত ধোয়ার কোনো বিকল্প নেই।
উক্ত সচেতনতামূলক অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
১৩৫ বার পড়া হয়েছে