গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১ জনের যাবজ্জীবন
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের চাঞ্চল্যকর শিশু তালহা মোল্লা ওরফে মুহিন হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে গোপালগঞ্জের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও জেলা দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এই রায় ঘোষণা করেন। দীর্ঘ শুনানির পর ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার।
আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন মো. আমিন উদ্দিন ও মো. শিহাব মোল্লা। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শাওন মোল্লা বর্তমানে পলাতক রয়েছেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মো. লিয়াকত আলী মোল্লা ওরফে লিকুকে আদালত খালাস দেন। সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
নথি থেকে জানা যায়, ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের মানজুরুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে মুহিন মাছ ধরা দেখতে গিয়ে নিখোঁজ হয়। দুদিন পর ২৪ ফেব্রুয়ারি রাতে তাদের ভাড়াটিয়া আমিন উদ্দিনের ঘরের ট্রাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা দায়ের করেন।
রায়ে প্রতিক্রিয়া জানিয়ে মামলার বাদী মনজুরুল ইসলাম বলেন, কাঙ্ক্ষিত বিচার পেয়ে তিনি সন্তুষ্ট এবং রায় দ্রুত কার্যকরের আশা প্রকাশ করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম রায়কে ন্যায়বিচারের প্রতীক বলে উল্লেখ করেছেন। বিপরীতে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম জুলকদর রহমান জানিয়েছেন, কোনো प्रत्यक्षদর্শী না থাকায় এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
১১৩ বার পড়া হয়েছে