মুন্সীগঞ্জে সেবার মান ও স্বচ্ছতা বাড়াতে সনাক ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষের গণশুনানি
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের রামপালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়ন এবং স্বচ্ছতা নিশ্চিতের লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এক উন্মুক্ত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে সাধারণ সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি জবাব দেন জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তারা।
২৮ অক্টোবর রামপালস্থ জলিল জাব্বার দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসা সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় সাধারণ মানুষ সেবার মান, ওষুধ প্রাপ্তি এবং কেন্দ্রগুলোর বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি প্রশ্নের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ফখরুল আলম। তিনি জনগণের সরাসরি প্রশ্নের উত্তর দেন এবং সেবার মান বৃদ্ধিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
রামপাল উপ-স্বাস্থ্য কেন্দ্র ও সংশ্লিষ্ট সেবার সার্বিক হালনাগাদ তথ্য তুলে ধরেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মমতাজ আক্তার। এছাড়া গণশুনানিতে বক্তব্য প্রদান করেন জলিল জাব্বার দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মু. বজলুর রহমান।
অনুষ্ঠানের সভাপতি ও সনাক মুন্সীগঞ্জের স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক মুহাম্মদ নুরুন্নবী মুন্না বলেন, তৃণমূল পর্যায়ে মানসম্মত চিকিৎসা ও সেবা সুনিশ্চিত করতে নাগরিক সমাজ এবং সেবাদানকারী কর্তৃপক্ষের মধ্যে এই ধরনের উন্মুক্ত সংলাপ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে। গণশুনানিতে এলাকার শিক্ষক, শিক্ষার্থীসহ শতাধিক সাধারণ সেবাগ্রহীতা অংশ নেন।
১৪৮ বার পড়া হয়েছে