পিন্টুর মৃত্যু: তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে রাজশাহীতে পিবিআইয়ের কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর কারাগারে মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে রাজশাহীতে পিবিআইয়ের কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়া তিন কর্মকর্তা হলেন মামলার আসামি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন ডিআইজি প্রিজন বজলুর রশীদ, সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এবং মামলার সাক্ষী কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় ২০১৫ সালের ৩ মে মারা যান নাসির উদ্দিন আহমেদ পিন্টু। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় করা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
পিন্টুর মৃত্যুর প্রায় ১০ বছর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে হত্যা মামলাটি করেন তাঁর ছোট ভাই নাসিম উদ্দিন রিন্টু। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৭ জনকে আসামি করা হয়। শুনানি শেষে আদালত মামলাটি গ্রহণ করেন এবং তদন্তের দায়িত্ব পিবিআইকে দেন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, হাজি সেলিম ও ইরফান সেলিম।
এ ছাড়া আসামির তালিকায় রয়েছেন তৎকালীন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান এবং জেলার শাহাদাত হোসেন খান।
মামলার তদন্তের অংশ হিসেবেই তিন কারা কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁদের জিজ্ঞাসাবাদ করে কী তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে পিবিআইয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১১৪ বার পড়া হয়েছে