মুন্সীগঞ্জে বিদেশী পিস্তল ও চাইনিজ কুড়ালসহ সন্ত্রাসী সাদ্দাম গ্রেপ্তার
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ সাদ্দাম মাঝি নামে এক সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছেন। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি, কার্তুজ এবং একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। জেলাজুড়ে চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবির একটি বিশেষ টিম বাগেশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ কামরান হোসেনের তদারকিতে জেলাজুড়ে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল বাগেশ্বর এলাকার ইব্রাহীম ফকিরের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালায়। উক্ত দুই তলা টিনের ঘরের দ্বিতীয় তলা থেকে আসামি সাদ্দাম মাঝিকে (৩২) গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
ধৃত সাদ্দাম মুন্সীগঞ্জ থানার মোল্লাকান্দি ইউনিয়নের মধ্য মাকহাটি এলাকার মন্নাফ মাঝির ছেলে। গ্রেপ্তারের সময় তার হেফাজত থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ২০ রাউন্ড শটগানের কার্তুজ এবং ১টি ধারালো চাইনিজ কুড়াল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে ডিবির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
১৬০ বার পড়া হয়েছে