আগামী শনিবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: শিক্ষামন্ত্রী
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। একই সঙ্গে নির্দিষ্ট সময়ে শিক্ষার্থীদের হাতে মানসম্মত নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়ার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। সন্তোষে অনুষ্ঠিত এই সভায় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানীর অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, তাঁর শিক্ষণীয় জীবন আদর্শকে ধারণ করে বিএনপি এবং বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছেন।
শিক্ষার্থীদের নতুন পাঠ্যবই বিতরণ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী উল্লেখ করেন, ২০০১ সালে দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই বই বিতরণের যে ধারাবাহিকতা চালু করা হয়েছিল, তা অব্যাহত রাখা হবে। কোমলমতি শিক্ষার্থীদের হাতে কোনো প্রকার গুণগত মানের সমঝোতা ছাড়াই যথা সময়ে মানসম্মত নতুন বই তুলে দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আগামী শিক্ষাবর্ষের জন্য চারটি নতুন পাঠ্যবই যুক্ত করা হয়েছে। এর মধ্যে চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও খেলাধুলা এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা) ও কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জেলা শহরের শিক্ষার্থীদের ট্রাফিক সচেতনতায় পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে একটি ঐচ্ছিক বইও রাখা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুনসহ স্থানীয় সংসদ সদস্যবৃন্দ। এর আগে সকালে বর্ণাঢ্য র্যালি ও ক্যারিয়ার মেলার উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
১১৮ বার পড়া হয়েছে