সর্বশেষ

জাতীয়

প্রধানমন্ত্রীর জাপান সফর সম্ভাবনাময়, 'ঘনিষ্ঠভাবে' কাজের ঘোষণা জাপানের 

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে জোরালো সমর্থনের কথা জানিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে জাপান। পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা জানান সানায়ে তাকাইচি। ওই দিন জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

পোস্টে জাপানের প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও আইনের শাসনের মতো অভিন্ন মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের জন্য ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত বাংলাদেশের সরকারকে জাপান জোরালোভাবে সমর্থন করবে।

সানায়ে তাকাইচি বলেন, দুই দেশের মধ্যকার ‘কৌশলগত অংশীদারি’ এবং ওই দিন ঘোষিত ‘নেতৃবৃন্দের যৌথ বিবৃতি’র আলোকে সরকারি ও বেসরকারি পর্যায়ে যৌথ উদ্যোগ গ্রহণ করা হবে। এর মাধ্যমে দুই দেশ একসঙ্গে, শক্তিশালীভাবে ও সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করবে।

তিনি আরও বলেন, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবেন।

জাপানের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। এ প্রেক্ষাপটে দুই দেশ বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় বা ‘বিগ-বি’ উদ্যোগ এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

তিনি বলেন, এই উদ্যোগ বাংলাদেশ ও জাপানের মধ্যকার সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনার পর উদ্যোগটিকে নতুন কৌশলগত সহযোগিতামূলক কাঠামোয় রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন এই কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘শেয়ারিং প্রসপারিটি বিগ-বি’।

সানায়ে তাকাইচি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি জেনেছেন, জাপান কীভাবে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে পথ চলেছে এবং বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর অন্যতম ছিল। এ কারণে বাংলাদেশের জনগণের মনে জাপানের জন্য বিশেষ স্থান রয়েছে।

বিভিন্ন ক্ষেত্রে জাপান সরকার ও দেশটির জনগণের কাছ থেকে পাওয়া ব্যাপক সমর্থন ও সহযোগিতার জন্য তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান জাপানের প্রধানমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়াকে সংযুক্তকারী বাংলাদেশ জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৭ কোটি মানুষের বিশাল ও তরুণ জনসংখ্যার এই দেশে অপার সম্ভাবনা রয়েছে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০