ভালুকায় চাঁদা না দেওয়ায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় চাঁদার টাকা না দেওয়া এবং বিনামূল্যে চুল না কাটার জেরে রবেন্দ্র মনি ঋষি নামের এক সেলুন ব্যবসায়ীকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকায় সংঘটিত এই হত্যাকাণ্ডে অভিযুক্ত বখাটে যুবক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রবেন্দ্র মনি ঋষি দীর্ঘদিন ধরে ভালুকার জামিরদিয়া তরিফ মুন্সী মোড় এলাকায় বাসা ভাড়া নিয়ে ক্ষৌরকর্মের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। অভিযুক্ত স্থানীয় যুবক সাদ্দাম হোসেন প্রায়ই নেশার টাকার জন্য তাঁর কাছে চাঁদা দাবি করতেন। এছাড়া সেলুনে নিয়মিত চুল-দাড়ি কাটলেও কোনো প্রকার পারিশ্রমিক দিতেন না।
নিহতের স্বজনদের দাবি, সম্প্রতি বখাটে সাদ্দামকে বিনামূল্যে সেবা দিতে অস্বীকৃতি জানানোর পাশাপাশি পাওনা টাকা ফেরত চাওয়ায় উভয়ের মধ্যে তীব্র বিরোধের সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় ইতিপূর্বেও রবেন্দ্রকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় সাদ্দাম পুনরায় ধারালো অস্ত্র নিয়ে সেলুনে প্রবেশ করে রবেন্দ্রের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফা ছুরিকাঘাতের পর রক্তাক্ত অবস্থায় জীবন বাঁচাতে আত্মরক্ষার জন্য দৌড়ে অভিযুক্তের বাবার দোকানে আশ্রয় নেন রবেন্দ্র। তবে সেখানেও সাদ্দাম তাকে ধাওয়া করে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরবর্তী সময়ে পাশের একটি বাড়ির উঠানে লুটিয়ে পড়লে ঘাতক সাদ্দাম আবারও তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে এবং এই মর্মে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
১১৭ বার পড়া হয়েছে