হরমুজ প্রণালিতে কুয়েতি তেলবাহী ট্যাংকারে হামলা
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৩:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়েছে কুয়েতের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এমটি আল দাসমা’। জাহাজটিতে থাকা ২১ জন ভারতীয় নাবিকসহ সব ক্রু নিরাপদে রয়েছেন। হামলার পর ট্যাংকারটিতে আগুন ধরে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন জাহাজের কর্মীরা।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। বুধবার (২১ অক্টোবর) প্রণালিটি অতিক্রম করার সময় কুয়েতের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার ‘এমটি আল দাসমা’ অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারটিতে ২১ জন ভারতীয় নাবিক ছিলেন। হামলায় কেউ হতাহত হননি। জাহাজে থাকা সব নাবিক ও ক্রু নিরাপদে রয়েছেন বলে নিশ্চিত করেছেন ভারতের কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথবিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, ওমানের বুখা উপকূল থেকে প্রায় ১১ সামুদ্রিক মাইল পশ্চিমে ট্যাংকারটিতে হামলার ঘটনা ঘটে। সে সময় জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করছিল।
কুয়েতের সংবাদমাধ্যম টাইমস কুয়েতের বরাত দিয়ে জানা গেছে, হামলার পরপরই ট্যাংকারটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর ট্যাংকারটি ওই এলাকায় অবস্থান করছিল। জাহাজের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভারতের মন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল জানান, ২১ অক্টোবর হরমুজ প্রণালি অতিক্রম করার সময় কুয়েতের পতাকাবাহী তেলবাহী ট্যাংকারটিতে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানে। জাহাজে থাকা ২১ জন ভারতীয় নাবিকসহ সব ক্রু নিরাপদে রয়েছেন।
সাম্প্রতিক সময়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনা আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিতে এ ধরনের ঘটনা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের ওপরও প্রভাব ফেলতে পারে।
১১১ বার পড়া হয়েছে