রক্তশূন্যতাজনিত অসুস্থতায় হাসপাতালে ভর্তি ভূমিমন্ত্রী মিনু
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রক্তশূন্যতাজনিত অসুস্থতা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের একটি কেবিনে তাঁর চিকিৎসা চলছে। এরই মধ্যে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু রক্তশূন্যতাজনিত অসুস্থতায় ভুগছেন। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের কেবিনে রেখে তাঁর চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন জানান, গত কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মন্ত্রী। মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায়ও অংশ নেন তিনি। তবে পরদিন বুধবার সকালে অসুস্থতা বেড়ে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তশূন্যতার কারণে তাঁকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়েছে।
এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন ভূমিমন্ত্রী। সেখানে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
বুধবার সন্ধ্যায় নিজের অসুস্থতার কথা জানিয়ে রাজশাহীবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, “আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীবাসীসহ সারা দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।”
এদিকে ভূমিমন্ত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁকে দেখতে হাসপাতালে যান রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, স্বাস্থ্যসচিব আ.ন.ম. বজলুর রশীদ, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি নজরুল হুদা ও ওয়ালিউল হক রানা এবং রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন। এ ছাড়া তাঁকে দেখতে হাসপাতালে যান চিকিৎসক ও বিএনপির নেতারা।
১২৯ বার পড়া হয়েছে