শ্রীপুরে আগুনে মসজিদসহ পুড়ল একাধিক দোকান ও গুদাম
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৩:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট ও তুলার গুদামসহ ভাঙারির দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গাজীপুরের শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া গ্রামের ২ নম্বর সিএন্ডবি বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি মসজিদ, কয়েকটি দোকানপাট, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুরুল করিম জানান, রাত ৩টা ৫৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পান তাঁরা। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর ফায়ার স্টেশনের আরও একটি ইউনিট এবং রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। চারটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর ৫টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্টেশন কর্মকর্তা নুরুল করিম আরও জানান, অগ্নিকাণ্ডে ঝুট ও তুলার গুদাম, স্যানিটারি দোকান, কয়েকটি মুরগির দোকান, ভাঙারির দোকান এবং একটি মসজিদ পুড়ে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।
১১১ বার পড়া হয়েছে