শ্রীনগর থেকে নিখোঁজ মা-ছেলে ৪ দিন পর উদ্ধার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৩:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন মা ও তাঁর ছয় বছরের শিশুপুত্রকে দিনাজপুর থেকে উদ্ধার করেছে জেলা পুলিশ। নিখোঁজের চার দিন পর অত্যন্ত দক্ষতার সঙ্গে তাঁদের অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। পুলিশ সুপারের নির্দেশনায় শ্রীনগর থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এই সফলতা অর্জন করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁও এলাকা থেকে ৩৮ বছর বয়সী এক নারী তাঁর ছয় বছরের সন্তানসহ নিজ বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং স্বামীর সংসার থেকে পৃথক ছিলেন। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়ে ব্যর্থ হয়ে ১৭ অক্টোবর শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডি দায়েরের পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর দিক নির্দেশনায় তদন্ত শুরু করে পুলিশ। শ্রীনগর থানার এসআই মোঃ কামরুজ্জামান শিকদার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নিখোঁজ মা-ছেলে ধামরাই ও ঢাকা হয়ে দিনাজপুর জেলা সদর থানা এলাকায় অবস্থান করছেন।
খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশের একটি বিশেষ দল ২০ অক্টোবর ভোররাতে দিনাজপুর সদর এলাকা থেকে তাঁদের উদ্ধার করে মুন্সীগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত মা ও শিশুকে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে