প্রধানমন্ত্রীর খুলনা-মোংলা সফর আজ, অর্থনৈতিক সম্ভাবনায় গুরুত্ব
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নির্বাচনের পর প্রথমবারের মতো সরকারপ্রধান হিসেবে খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁর এই সফরে সুন্দরবন, মোংলা বন্দর ও প্রস্তাবিত এলএনজি টার্মিনাল নির্মাণের সম্ভাবনা পর্যালোচনার কথা রয়েছে। এ সফরকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানো এবং মোংলা বন্দরকে ঘিরে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে খুলনা ও মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য পর্যবেক্ষণ করবেন। এরপর তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন।
সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। সেখানে প্রস্তাবিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণের সম্ভাব্যতা পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী।
পরে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন তিনি। এ সময় মোংলা বন্দরের জেটি ও প্রস্তাবিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনেরও কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা গেছে। তাঁকে একনজর দেখার অপেক্ষায় রয়েছেন অনেকে।
স্থানীয় সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, এলাকার মানুষ প্রধানমন্ত্রীকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তাঁর সফর সফল করতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দিন মিঠু বলেন, সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে সেখান থেকে কোস্টগার্ডের স্পিডবোটে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন তিনি।
সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ, মোংলা বন্দরের বাণিজ্যিক গুরুত্ব এবং প্রস্তাবিত জ্বালানি অবকাঠামোকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়ন সম্ভাবনা এ সফরে বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন।
১০৬ বার পড়া হয়েছে