পূজামণ্ডপে দায়িত্বে থেকে গান গেয়ে পুলিশ কর্মকর্তা ক্লোজড
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিলেট নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার ঘটনায় উদয়ন ফারুক নামের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) ক্লোজড করা হয়েছে। তাঁকে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
সিলেট নগরের একটি পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনকালে পুলিশের পোশাক পরেই সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুক। তাঁর গান গাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ কর্মকর্তাদের নজরে আসে। পরে তাঁকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
উদয়ন ফারুক সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানায় কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে নগরের ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার এলাকার ব্রাহ্মণশাসন সর্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। ওই সময় পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে পূজামণ্ডপে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় পুলিশের পোশাক পরেই অনুষ্ঠানে গান পরিবেশন করেন এএসআই উদয়ন ফারুক। পরে তাঁর গান গাওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। বিষয়টি সিলেট মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে তাঁর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার সিলেট মহানগর পুলিশ কমিশনারের স্বাক্ষরিত এক আদেশে উদয়ন ফারুককে জালালাবাদ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল হাবিব।
তিনি বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় ওই এএসআই গান গেয়েছেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
১৬৫ বার পড়া হয়েছে