বিরামপুরে চাকরি মেলা ২৭ অক্টোবর, আবেদন চার লাখ ছাড়াল
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৭:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দিনাজপুরের বিরামপুরে আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চাকরি মেলা। উত্তরাঞ্চলে প্রথমবারের মতো আয়োজিত এ মেলায় ইতিমধ্যে চার লাখের বেশি আবেদন জমা পড়েছে। দিনব্যাপী এ আয়োজনে অন্তত ৫০টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেবে। অনলাইনে আবেদনের পাশাপাশি মেলায় সরাসরি আবেদন করারও সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা।
দিনাজপুরের বিরামপুরে চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগামী ২৭ অক্টোবর চাকরি মেলার আয়োজন করা হয়েছে। বিরামপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য এ মেলার আয়োজন করছে বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলা প্রশাসন।
মেলায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। চাকরিপ্রার্থীরা তাঁদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। পাশাপাশি নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরির জন্য আবেদন করার সুযোগও থাকবে। ইতিমধ্যে এ মেলায় চার লাখের বেশি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মেলার প্রস্তুতি দেখতে বুধবার বিরামপুর ডিগ্রি কলেজ মাঠ পরিদর্শন করেন সমাজকল্যাণমন্ত্রী। এ সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য স্টল স্থাপন, নিরাপত্তাব্যবস্থা এবং চাকরিপ্রার্থী ও দর্শনার্থীদের যাতায়াতের সুবিধাসহ সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন। সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
মন্ত্রী বলেন, ঢাকার বাইরে মফস্বল শহরে এ ধরনের চাকরি মেলার আয়োজনের মূল লক্ষ্য স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। একই সঙ্গে তাঁদের মেধা ও যোগ্যতাকে জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করার সুযোগ সৃষ্টি করা।
আয়োজকদের আশা, এ মেলার মাধ্যমে দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার চাকরিপ্রার্থীরা কর্মসংস্থানের নতুন সুযোগ পাবেন। চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় নিয়োগপ্রক্রিয়ায় অংশ নেওয়াও তাঁদের জন্য সহজ হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ উত্তরাঞ্চলের তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এবং চাকরিপ্রার্থী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ স্থাপনে ভূমিকা রাখতে পারে।
১২৪ বার পড়া হয়েছে