হালুয়াঘাটে প্রতিমা বিসর্জন: তদারকি ও বিজয়ার শুভেচ্ছা প্রিন্সের
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ১:৪০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম তদারকি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির ধারা বজায় রাখার আহ্বান জানান।
বুধবার সন্ধ্যায় হালুয়াঘাট কেন্দ্রীয় শ্মশানঘাটে উপস্থিত হয়ে প্রতিমা বিসর্জন কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিসর্জন অনুষ্ঠানে বিএনপির পক্ষ থেকে স্বেচ্ছাসেবকেরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। এর আগে তিনি নিজ গ্রামের পূজামণ্ডপে আয়োজিত বিজয়া দশমীর উৎসবে অংশ নেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স বলেন, জনগণের নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলেই স্মরণকালের সর্বোচ্চসংখ্যক পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সুষ্ঠু তদারকি এবং মাঠপর্যায়ে স্থানীয় প্রশাসন ও নেতাকর্মীদের সহযোগিতার ফলেই এই আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ধর্মবর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক সম্প্রীতির এই শান্তিপূর্ণ ধারাকে আগামীতেও অব্যাহত রাখতে সমাজের সব স্তরের মানুষের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন।
১৬৭ বার পড়া হয়েছে