আফগানিস্তানের কাছে হেরে ফাইনালের বাইরে বাংলাদেশ
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৩:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় হারে ফাইনালে ওঠার স্বপ্ন শেষ হয়েছে বাংলাদেশের। শারজায় আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে তাওহীদ হৃদয়ের দল। ১৬০ রানে অলআউট হওয়া বাংলাদেশকে মাত্র ২৭.১ ওভারেই হারিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে আফগানিস্তান। আগামী ২৩ অক্টোবর শিরোপার লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হবে তারা।
ত্রিদেশীয় সিরিজে টানা দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরেছিল দলটি। আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার সমীকরণও শেষ পর্যন্ত মেলাতে পারেননি তাওহীদ হৃদয়রা।
ফাইনালে যেতে হলে আগে ব্যাট করে আফগানিস্তানকে অন্তত ৪১ রানে হারাতে হতো বাংলাদেশকে। কিন্তু শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। মাত্র ২৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
সেখান থেকে পঞ্চম উইকেটে ৯৩ রানের জুটি গড়ে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। সাইফ ৪১ রান করে আউট হন। অন্য প্রান্তে দায়িত্বশীল ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন করেন ৯৬ বলে ৭০ রান। তবে শেষ দিকে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের বোলিং তোপে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। চার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রশিদ। শেষ পর্যন্ত ১৬০ রানেই অলআউট হয় দল।
জবাবে আফগানিস্তানকে ১১৯ রানের মধ্যে অলআউট করতে পারলে ফাইনালে ওঠার সুযোগ থাকত বাংলাদেশের। শুরুতে তাসকিন আহমেদ রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ আতালকে ফিরিয়ে কিছুটা আশার সঞ্চার করেন। তবে এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় আফগানিস্তান।
ইব্রাহিম জাদরান ৩৪ রান করে ফিরলেও এক প্রান্তে অবিচল ছিলেন রহমত শাহ। ৯০ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে হাশমতউল্লাহ শহীদি ৫৪ বলে করেন ৩৬ রান। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে সহজ জয় নিশ্চিত করে আফগানিস্তান।
বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ দুটি এবং মুস্তাফিজুর রহমান একটি উইকেট নেন। এই জয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আফগানিস্তান। আগামী ২৩ অক্টোবর শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।
১১৮ বার পড়া হয়েছে