সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগ নেত্রী আটক
বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ ৩:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় আটক সুলতানা বেগম জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে জানা গেছে। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।
বিজিবি-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন যুব মহিলা লীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় দেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আটকের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
১১৯ বার পড়া হয়েছে