২০২৭ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের সূচি প্রকাশ
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ ৮:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ও নেপালের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ৪১টি ম্যাচ। আগামী ২১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ১৬ দিনের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে।
২০২৭ সালের নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ ও নেপালের চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের মোট ৪১টি ম্যাচ। এর মধ্যে সবচেয়ে বেশি ১৪টি ম্যাচ হবে চট্টগ্রামে। সিলেটে অনুষ্ঠিত হবে ১২টি ম্যাচ। নেপালের মুলপানিতে আটটি এবং কীর্তিপুরে সাতটি ম্যাচ আয়োজন করা হবে।
আগামী ২১ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তৃতীয় আসর। ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই প্রতিযোগিতার। টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।
উদ্বোধনী দিনে সিলেট ও মুলপানিতে দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে খেলা। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে অতিরিক্ত দিন।
চার গ্রুপে ১৬ দল
বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। তাদের ভাগ করা হয়েছে চারটি গ্রুপে।
‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, সহ-আয়োজক নেপাল, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান ও সামোয়া। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজেরিয়া। আর ‘ডি’ গ্রুপে খেলবে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও স্কটল্যান্ড।
গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। ২১ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়া এবং ২৫ জানুয়ারি নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বাগতিক দল।
প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল জায়গা পাবে সুপার সিক্সে। ‘এ’ ও ‘ডি’ গ্রুপ থেকে উত্তীর্ণ ছয় দল নিয়ে গঠিত হবে সুপার সিক্সের প্রথম গ্রুপ। ‘বি’ ও ‘সি’ গ্রুপ থেকে উত্তীর্ণ ছয় দল খেলবে দ্বিতীয় গ্রুপে। প্রতিটি গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলো পাবে একটি করে প্লে-অফ ম্যাচ খেলার সুযোগ।
সুপার সিক্সে প্রতিটি দল খেলবে দুটি করে ম্যাচ। এ ক্ষেত্রে অন্য গ্রুপ থেকে উত্তীর্ণ দলগুলোর বিপক্ষেই ম্যাচ নির্ধারণ করা হবে। যেমন, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলের বিপক্ষে। একইভাবে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল খেলবে ‘ডি’ গ্রুপের প্রথম ও তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে।
গ্রুপ পর্বে সুপার সিক্সে ওঠা দলগুলোর বিপক্ষে অর্জিত পয়েন্ট পরের পর্বেও গণনা করা হবে। উদাহরণ হিসেবে, ‘সি’ গ্রুপ থেকে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাত সুপার সিক্সে উঠলে এই দুই দলের বিপক্ষে বাংলাদেশের অর্জিত পয়েন্টও পরবর্তী পর্বে যুক্ত হবে। অন্যদিকে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের ফল তখন সুপার সিক্সের হিসাবের অন্তর্ভুক্ত হবে না।
গ্রুপ পর্ব থেকে পাওয়া পয়েন্ট এবং সুপার সিক্সে খেলা দুটি ম্যাচের ফল মিলিয়ে নির্ধারিত হবে দুই গ্রুপ থেকে কোন চারটি দল সেমিফাইনালে জায়গা করে নেবে।
১৬৩ বার পড়া হয়েছে