তেঁতুলিয়ায় আবারও উদ্ধার ১০ কেজির বার্মিজ অজগর
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাত্র ১৩ দিনের ব্যবধানে আবারও একটি ১০ কেজি ওজনের বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে স্থানীয়দের খবরে বন বিভাগের কর্মকর্তারা আট ফুট দৈর্ঘ্যের অজগরটি উদ্ধার করেন। বর্তমানে সাপটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের উত্তর দর্জিপাড়া গ্রামে ইসরাইল নামের এক বাসিন্দার বাড়ির পাশের একটি গর্তে সকালে সাপটি দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়দের সহযোগিতায় অজগরটিকে নিরাপদে আটক করে বন বিভাগে খবর দেওয়া হয়।
খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগরটি নিজেদের জিম্মায় নেন। তেঁতুলিয়া বন বিভাগের বিট কর্মকর্তা নুরুল হুদা জানান, উদ্ধার হওয়া অজগরটির ওজন প্রায় ১০ কেজি এবং দৈর্ঘ্য আট ফুট। এটি বর্তমানে সুস্থ রয়েছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে। উপযুক্ত বনাঞ্চলে পরবর্তীতে এটি অবমুক্ত করা হবে।
উল্লেখ্য, এর আগে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন থেকে প্রায় ১৩ কেজি ওজনের আরও একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি অজগর উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র কৌতূহল ও বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে