সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ থাকবে বৃহস্পতি ও শুক্রবার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ৯:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে আগামী ১৫ ও ১৬ অক্টোবর সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
দেশের বাজারে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) এলপিজি বিক্রি বন্ধ রাখবেন ব্যবসায়ীরা। গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুই দিন সব গ্যাসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সভাপতি সেলিম খান।
সংবাদ সম্মেলনে সেলিম খান বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। এর প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে সব দোকান বন্ধ রাখা হবে।
এ সময় এলপি গ্যাস ব্যবসায়ীদের বিভিন্ন দাবি পূরণের আহ্বান জানান তিনি। দাবিগুলো মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সংগঠনের সভাপতি।
এদিকে সর্বশেষ গত ৪ অক্টোবর দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।
১৪৩ বার পড়া হয়েছে