বরিশালে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামী ও দেবর আটক
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের বাবুগঞ্জে দাম্পত্য কলহের জেরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে ঐশী আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় তাঁর স্বামী সোহেল খান (২৮) ও স্বামীর ছোট ভাই তানভীর খানকে আটক করেছে পুলিশ।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় দাম্পত্য কলহের জেরে স্বামীর নির্যাতনে ঐশী আক্তার (২৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্বামী সোহেল খান (২৮) ও সোহেলের ছোট ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত ঐশী আক্তার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর সাধুকাঠী গ্রামের শাহে আলমের মেয়ে। অভিযুক্ত সোহেল খান একই উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাদের খানের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
খোঁজ নিয়ে জানা গেছে, দাম্পত্য কলহের জেরে চার দিন আগে সোহেল তাঁর স্ত্রী ঐশীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এ সময় তাঁকে নির্যাতন করা হয়। এতে ঐশীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
ঐশীর পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। একপর্যায়ে স্বামীর বাড়িতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাঁকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে মনিরুল ইসলাম জানান, মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণের কারণে ঐশীর মৃত্যু হয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমের চিহ্ন রয়েছে।
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সোহেল খান ও তাঁর ভাই তানভীর খানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। নিহতের চোখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।
প্রাথমিকভাবে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। ওসি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
১১০ বার পড়া হয়েছে