নারীদের স্বাবলম্বী করতেই ফ্যামিলি কার্ডের পরিকল্পনা: এস এম জিলানী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এবং পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী। শনিবার টুঙ্গিপাড়ায় মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি কোনো ধরনের পক্ষপাত ছাড়া প্রকৃত উপকারভোগীদের সঠিক তালিকা তৈরির আহ্বান জানান।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়। মাঠপর্যায়ে সঠিক তথ্য সংগ্রহ এবং উপযুক্ত সুবিধাভোগী নির্ধারণের উদ্দেশ্যে এই কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম জিলানী বলেন, ২০২২ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তৎকালীন সময়ে পুরুষদের পরিবর্তে নারীদের এই সুবিধা দেওয়ার কারণ হিসেবে জানানো হয়, অবহেলিত নারীরা আর্থিক সাহায্য পেলে নিজেদের স্বাবলম্বী করার সুযোগ পাবেন। এই প্রকল্পের আওতায় প্রতিটি কার্ডের বিপরীতে দুই হাজার ৫০০ টাকা সহায়তা প্রদান করা হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, দলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনী ইশতেহারেও সারা দেশে ফ্যামিলি কার্ড চালুর বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছিল। মাঠপর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে তিনি নির্দেশ দেন, যেন যোগ্য কোনো ব্যক্তি তালিকা থেকে বাদ না পড়েন এবং অযোগ্য কেউ অনৈতিকভাবে সুযোগ না পান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী। অনুষ্ঠানে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলীসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৫২ জন অংশগ্রহণ করছেন।
১০৫ বার পড়া হয়েছে