পাবনায় ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং পাবনা পৌরসভার সহযোগিতায় শহরজুড়ে এ সচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এতে স্থানীয় প্রশাসন, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ নেন।
শনিবার পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে জেলা প্রশাসক আমিনুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, পৌর প্রশাসক খায়রুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা ও পাবনা প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার।
অভিযানকালে বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও আবর্জনা অপসারণসহ মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়। এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে ওষুধ ছিটানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়।
সমাবেশে বক্তারা জানান, ডেঙ্গুর ঝুঁকি কমাতে শুধু প্রশাসনিক পদক্ষেপ যথেষ্ট নয়, এতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার উৎপাত কমানো সম্ভব বলে তারা অভিমত ব্যক্ত করেন।
১০৭ বার পড়া হয়েছে