শিবগঞ্জে ৬৯ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার ১
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের এক অভিযানে ৬৯ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ মানিকুল ইসলাম মানিক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাটাগ্রাম ওয়াক্তিয়া মসজিদসংলগ্ন বাটা মোড়ের পাকা সড়কে অবস্থান নেয় পুলিশের একটি দল। সেখানে তল্লাশি চালিয়ে মানিকুল নামের ওই ব্যক্তির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।
আটক মানিকুল ইসলাম (৩৪) শ্যামপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মৃত মোহবুল হকের ছেলে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে পুলিশ জানায়।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) আবু সাব্বির রাবুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
১০৪ বার পড়া হয়েছে