কুড়িগ্রামে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের রাজারহাটে এক আলিম মাদরাসায় জমির বিনিময় ও প্রায় ৩০ লাখ টাকা ঘুষের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার অভিযোগ উঠেছে অধ্যক্ষের বিরুদ্ধে। নিজ বাড়িতে পরীক্ষা গ্রহণ ও অনিয়মের এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন মাদরাসা অধ্যক্ষ।
রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের রাজমাল্লী তালুয়াপাড়া হামিদিয়া আলিম মাদরাসায় সম্প্রতি তিনটি পদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হয়। স্থানীয়দের অভিযোগ, অফিস সহায়ক পদে এক স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলেকে নিয়োগের বিনিময়ে ২০ শতক জমি নেওয়া হয়েছে। এছাড়া কম্পিউটার ল্যাব অপারেটর ও পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োগে প্রত্যেকের কাছ থেকে ১৫ লাখ টাকা করে নেওয়ার দাবি করেছেন এলাকাবাসী।
নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অধ্যক্ষ তাঁর নিজ বাসভবনে পরীক্ষা গ্রহণ করেন বলে জানা গেছে। পরবর্তীতে ফলাফলের আনুষ্ঠানিকতা সারতে সংক্ষিপ্ত সময়ের জন্য মাদরাসায় আসা হয়। মাত্র ১৩ জন পরীক্ষার্থীকে সামনে রেখে পুরো প্রক্রিয়াটি গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলে স্থানীয়রা জানান।
মাদরাসাটি প্রতিষ্ঠায় যাঁরা অবদান রেখেছিলেন, তাঁদের পরিবার ও স্থানীয় যোগ্য প্রার্থীদের সুযোগ না দেওয়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, মোটা অঙ্কের অর্থ ও সুবিধার বিনিময়ে অনৈতিক প্রক্রিয়ায় এই নিয়োগ প্রদান করা হয়েছে।
অভিযোগের প্রসঙ্গে অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান সকল অনিয়মের দাবি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন। তিনি জানান, যথাযথ নিয়ম মেনেই সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং বিতর্কিত জমিটি তিনি নিজের টাকায় কিনেছেন। কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
১০৭ বার পড়া হয়েছে