নড়াইলে বন্ধুর মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণীর ছাত্রের
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে জোবায়ের মোল্যা (১৪) নামের এক স্কুলছাত্রের করুণ মৃত্যু হয়েছে। চালিতাতলা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এই শিক্ষার্থী বন্ধুর কাছ থেকে মোটরবাইক চেয়ে নিয়ে চালাতে গিয়ে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নোয়গ্রাম ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রাম থেকে জোবায়ের তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে নলদীর উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে ব্রাহ্মণডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশের মোড়ে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়।
এ ঘটনায় জোবায়ের গুরুতর আহত হয় এবং তার সাথে থাকা অপর বন্ধু আজিজুর সামান্য আঘাত পায়। পরবর্তীতে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জোবায়েরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই কিশোর জোবায়েরের মৃত্যু হয়। এদিকে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে