নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইলে বিনম্র শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার জেলা প্রশাসন ও সুলতান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে সুলতান সংগ্রহশালা চত্বরে বরেণ্য এই শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নড়াইল জেলা প্রশাসন, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, নড়াইল প্রেসক্লাব এবং জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। পরবর্তীতে শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে শিশুস্বর্গে এক আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিল্পী সুলতানের জীবন, শিল্পকর্ম এবং গ্রাম বাংলার কৃষক-শ্রমিকদের রূপায়ণে তাঁর অসাধারণ অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিত্রশিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চিত্রশিল্পে বিশেষ অবদানের জন্য তিনি ১৯৮২ সালে একুশে পদক ও ১৯৯৩ সালে স্বাধীনতা পদকসহ দেশ-বিদেশের অসংখ্য আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হন।
১০৭ বার পড়া হয়েছে