ভিডব্লিউবি কার্ডে ৩০০ টাকা করে নেয়ার অভিযোগ সচিবের বিরুদ্ধে
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ১:৩১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণের সময় উপকারভোগীদের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। পরে এক উপকারভোগীকে নেওয়া ৩০০ টাকা ফেরত দেওয়া হয়েছে।
বরগুনার তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির কার্ড বিতরণে উপকারভোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) খলিলুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন কয়েকজন উপকারভোগী।
উপকারভোগীদের অভিযোগ, ভিডব্লিউবি কর্মসূচির কার্ড নিতে তাঁরা ইউনিয়ন পরিষদে গেলে প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান তাঁদের কাছে টাকা দাবি করেন। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পালের নাম এবং ‘অফিস খরচ’-এর কথা বলে ২০টি কার্ডের বিপরীতে প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়।
টাকা দেওয়ার পর উপকারভোগীদের আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসের জন্য বরাদ্দ করা মোট ৬০ কেজি চাল দেওয়া হয়। পরে টাকা নেওয়ার বিষয়টি জানাজানি হলে গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের মধ্যে হট্টগোল হয়। পরিস্থিতি বেগতিক দেখে প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান রওশয়ানারা নামে এক উপকারভোগীকে নেওয়া ৩০০ টাকা ফেরত দেন।
ভিডব্লিউবির উপকারভোগী রওশয়ানারা বলেন, ‘আমি ইউনিয়ন পরিষদে কার্ড নিতে গেলে সচিব খলিলুর রহমান ৩০০ টাকা চান। টাকা দেওয়ার পর তিনি আমাকে আগস্ট-সেপ্টেম্বর দুই মাসের চাল দেন। পরে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে তিনি আমার টাকা ফেরত দিতে বাধ্য হন।’
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কার্ডধারীও অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের সচিব খলিলুর রহমান কার্ড বিতরণের সময় তাঁদের কাছ থেকে ৩০০ টাকা করে নিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে খলিলুর রহমান বলেন, ‘নতুন ভিজিডি (ভিডব্লিউবি) কার্ডের জন্য ৩০০ টাকা করে নেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী দুই-একজনের কাছ থেকে টাকা নেওয়াও হয়েছিল। কিন্তু পরবর্তীতে চেয়ারম্যান সাহেব টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিলে আমরা তা ফেরত দিয়ে দিই।’
তালতলী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপ কুমার পাল বলেন, ভিডব্লিউবি কর্মসূচির কার্ড বা চাল বিতরণে কোনো প্রকার টাকা নেওয়ার সুযোগ নেই। তাঁর নাম ভেঙে কেউ টাকা আদায় করে থাকলে তা অত্যন্ত অন্যায়। দ্রুত টাকা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, বিষয়টি সম্পর্কে তাঁরা অবগত হয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ভিডব্লিউবি কর্মসূচির আওতায় তালতলী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে ১ হাজার ৬৫২ জন দুস্থ নারী তালিকাভুক্ত হয়েছেন। এর মধ্যে ছোটবগী ইউনিয়ন পরিষদে রয়েছেন ৩০০ জন। কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী ইউনিয়ন পরিষদ থেকে বিনা মূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল ২৪ মাস পাবেন।
১২২ বার পড়া হয়েছে