১৪ মিনিটে ৪ গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের জয়
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ ২:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
ম্যাচের ৭৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। ১১ বছর পর বেলজিয়ামের কাছে হারের শঙ্কাও তৈরি হয়েছিল। তবে শেষ দিকে দুর্দান্ত প্রত্যাবর্তনে মাত্র ১৪ মিনিটের মধ্যে চার গোল করে ৪-১ ব্যবধানে জিতেছে ফরাসিরা। এই জয়ে ঘরের মাঠে কোচ হিসেবে প্রথম জয় পেলেন জিনেদিন জিদান।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তবে প্রথম গোলটি পায় বেলজিয়াম। রোমিও লাভিয়ার প্রায় ৬০ গজের অসাধারণ থ্রু পাস ধরে ফরাসিদের রক্ষণ ভেঙে ডি-বক্সে ঢুকে পড়েন দদি লুকবাকিও। এরপর ফ্রান্সের হয়ে অভিষেক হওয়া গোলরক্ষক গিয়োম রেস্তেকে পরাস্ত করে দলকে এগিয়ে দেন তিনি।
গোল হজমের পরও ম্যাচের নিয়ন্ত্রণ বেশির ভাগ সময় ফ্রান্সের হাতেই ছিল। কিন্তু একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাচ্ছিল স্বাগতিকেরা। শেষ পর্যন্ত ৭৭তম মিনিটে সেই অপেক্ষার অবসান হয়। ডি-বক্সের বাইরে থেকে দেজিরে দুয়ের নেওয়া শটে বেলজিয়ামের জাল কাঁপে, সমতায় ফেরে ফ্রান্স।
এরপর বদলি হিসেবে নামা মাইকেল ওলিসের দারুণ কাটব্যাক থেকে বল পেয়ে ৮১তম মিনিটে ফ্রান্সকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রায়ান চেরকি। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে যায়।
৮৮তম মিনিটে দেজিরে দুয়ের পাস থেকে নিজের প্রথম গোলটি করেন মাইকেল ওলিসে। যোগ করা সময়ের প্রথম মিনিটেও একই জুটি আবার সফল হয়। দুয়ের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করে ফ্রান্সের জয় নিশ্চিত করেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার।
শেষ পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকেও ৪-১ ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। বদলি হিসেবে নেমে দুই গোল ও একটি গোলে সহায়তা করে দলের প্রত্যাবর্তনের মূল নায়ক হন ওলিসে। দুয়ের ও চেরকিও করেন একটি করে গোল।
জাতীয় দলের হয়ে ২০২৬ সালটাও দুর্দান্ত কাটছে ওলিসের। এ বছর ফ্রান্সের হয়ে ১৬ ম্যাচে গোল ও সহায়তা মিলিয়ে সরাসরি ১৭টি গোলে অবদান রেখেছেন তিনি।
এই জয়ে উয়েফা নেশনস লিগের ‘এ১’ গ্রুপের শীর্ষস্থান আরও শক্ত করেছে ফ্রান্স। চার ম্যাচে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। অন্যদিকে বেলজিয়াম চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
গ্রুপের অন্য ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়েছে ইতালি। এই জয়ে চার ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তারা। ইতালির হয়ে গোল করেন জিয়ানলুকা স্কামাক্কা, রিকার্দো কালাফিওরি ও পিও এসপোসিতো। তুরস্কের হয়ে একমাত্র গোলটি করেন আরাল সিমশির।
১০৫ বার পড়া হয়েছে