হামে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ১২:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১০৯ জন। তাঁদের মধ্যে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ সময় নিশ্চিত হামে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। অন্যদিকে, একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬০৮ জন।
শনিবার (৩ অক্টোবর) হাম ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি নিয়ে পৃথক তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের হামসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে ২১ হাজার ৬৬৬ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হাম আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন।
এই সময়ে হাম উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গ মিলিয়ে মোট ১ হাজার ১২২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০২ জন এবং সন্দেহজনক হাম উপসর্গে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে ১ হাজার ৬০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের শনিবারের বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ১৭১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২২৩ জন ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩১ জন।
এ ছাড়া বরিশালে ২১৫ জন, চট্টগ্রামে ৩১৯ জন, খুলনায় ২৭৬ জন, ময়মনসিংহে ৭৯ জন, রাজশাহীতে ১৩২ জন এবং রংপুরে ৬২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২১ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪ হাজার ৩৬৯ জন। তাঁদের মধ্যে ৭৮ হাজার ৪৮২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
চলতি বছরের সেপ্টেম্বর মাসে ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি ছিল। ওই মাসে ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন এবং মারা যান ১৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। একই বছর এ রোগে সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় ১ লাখ ২ হাজার মানুষ।
১২০ বার পড়া হয়েছে